bogra times Add
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংসদে বিরোধী দলীয় নেতা উপনেতা ও হুইপ  হলেন যারা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক প্রতিবেদক-

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মনোনীত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ সম্পন্নের পর গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শপ্ঠ গ্রহণ ও পূর্ববর্তী অনিশ্চয়তা

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও জোটের এমপিরা। তবে জামায়াতের সংবিধান সংস্কার ইস্যুতে শপথ গ্রহণ নিয়ে কিছু সময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের আগেই জানিয়েছিলেন, বিএনপি সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াতের কেউ এমপি হিসেবে শপথ নেবে না। পরে জোটের নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেন। ওই বৈঠকে শপথের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তারা। পরে জামায়াতের এমপিরা শপথ গ্রহণ করেন।

বিরোধী দলের গঠন ও নেতৃত্ব

ত্রয়োদশ সংসদে বিএনপি ২০৯ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারা সরকার গঠন করেছে। জামায়াতে ইসলামী ৬৮টি আসন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন পেয়েছে। এই দুই দলসহ অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র সদস্যদের নিয়ে সংসদে বিরোধী জোট গঠিত হবে।

বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াত আমিরের নাম ঘোষণা করা হলে তা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, জামায়াতের শক্তিশালী অবস্থান এবং সংসদে তাদের সংখ্যার কারণে এই দায়িত্ব পাওয়া স্বাভাবিক। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা নাহিদ ইসলামকে হুইপ করার মাধ্যমে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব ও বিরোধী দলের গতিশীলতা বৃদ্ধির চেষ্টা করা হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এদিকে সংসদে বিরোধী দলের গঠন ও নেতৃত্ব নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিরোধী জোটের সম্পর্ক কেমন হবে এবং সংসদে কেমন আচরণ দেখা যাবে, তা নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।