bogra times Add
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬

শেরপুরে রাতে বাড়ির গেটের তালা কেটে ইজি বাইক চুরি, থানায় অভিযোগ

এনাম হকঃ-
মে ১৮, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় একটি বাড়ির মূল গেটের সিকল কেটে ইজি বাইক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. দুলু মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা গ্রামের মৃত ময়ন আলী মণ্ডলের ছেলে দুলু মিয়া পেশায় একজন ইজি বাইকচালক। গত ১৬ মে রাতে তিনি নিজ বাড়ির ভেতরে ইজি বাইকটি রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ১৭ মে ভোরে ঘুম থেকে উঠে দেখেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়ির গেটের সিকল কেটে বাইকটি চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী দুলু মিয়া জানান, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী তাঁদের চুরি হওয়া ইজি বাইকটি গ্রামের তিনজন ব্যক্তিকে নিয়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। এর ভিত্তিতে একই গ্রামের কাজল হোসেন, গাঁদু হোসেন ও জীবন নামে তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। চুরি যাওয়া ইজি বাইকটির বর্তমান বাজারমূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এ মইনুদ্দিন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’