bogra times Add
ঢাকাসোমবার , ২ মার্চ ২০২৬

ইরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় নিহত ৫৫৫, ক্ষতিগ্রস্ত ১৩১ কাউন্টি

আন্তর্জাতিক ডেস্কঃ-
মার্চ ২, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ বিমান হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া হামলায় দেশটির ১৩১টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার এক বিবৃতিতে ইরানি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানায়, হামলায় ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও তাদের মানবিক মিশনের ত্রাণ কার্যক্রম কোনো বাধা ছাড়াই অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে এবং দেশব্যাপী এক লাখেরও বেশি কর্মী সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছেন।

সংস্থাটি আরও জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় মানবিক পরিষেবা, জরুরি সহায়তা এবং মনোসামাজিক সহায়তা প্রদানের জন্য প্রায় চার মিলিয়ন স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নিতে রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় ও প্রাদেশিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে।

হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। বিমান হামলা অব্যাহত থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রেড ক্রিসেন্ট।

এই ঘটনায় এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সংঘাত আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।