bogra times Add
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে চার কৃষকের জিরা চাষ, শতকে মিলবে ২.৫ কেজি জিরা

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্যিকভাবে মসলাজাতীয় ফসল জিরা চাষের সম্ভাবনা দেখতে পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার চার কৃষক। উপজেলা কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় তারা পরীক্ষামূলকভাবে জমিতে জিরার আবাদ করেছেন। ইতিমধ্যে জমির ফসলের ভালো অবস্থা দেখে আশার আলো দেখছেন তারা।

উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কৃষক সাইফুর রহমান ১০ শতক, রহবল পশ্চিমপাড়া গ্রামের কৃষক সানাউল ৮ শতক, মেঘাখোদদ গ্রামের কৃষক আব্দুল মান্নান ৮ শতক এবং মোকামতলা ইউনিয়নের চলনাকাথী গ্রামের কৃষক আইয়ুব আলী ৫ শতক জমিতে জিরা চাষ করেছেন।

সরেজমিনে জানা যায়, এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পুর উৎসাহ ও পরামর্শেই তারা এই পরীক্ষামূলক চাষে উদ্বুদ্ধ হন। বর্তমানে জমিতে জিরার গাছের সমৃদ্ধ অবস্থান দেখে কৃষকরা মনে করছেন, শেষ পর্যন্ত তারা হয়তো জিরা উৎপাদনে সফল হবেন।

চাষাবাদ পদ্ধতি প্রসঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান, জিরা চাষের জন্য নভেম্বর মাসের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে বীজ বপন করা উত্তম। তিনি আরও বলেন, “জিরা উৎপাদনে যদি নিয়মিত পরিচর্যা, সঠিক মাত্রায় সার ও ওষুধ প্রয়োগ করা যায় এবং আবহাওয়া অনুকূলে থাকে, তবে প্রতি শতক জমি থেকে ২ থেকে আড়াই কেজি জিরা উৎপাদন করা সম্ভব।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গত বছরও উপজেলায় দুইজন কৃষককে জিরা চাষে উৎসাহিত করা হয়েছিল এবং তাদের ফলনও ভালো হয়েছিল। এ বছর ফলন ভালো হলে আগামীতে উপজেলায় জিরা চাষে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ বৃদ্ধি পাবে বলে আশা করছেন তিনি। কৃষি কর্মকর্তা পাপ্পু জানান, গত বছর থেকেই এই নতুন ফসল উৎপাদনে তারা কিছুটা ঝুঁকি নিয়েছেন। তবে ফলন ভালো হলে আগামী মৌসুমে আরও বেশি কৃষককে জিরা চাষের আওতায় আনা হবে।