bogra times
ঢাকাবুধবার , ২১ জানুয়ারি ২০২৬

নওগাঁর মান্দায় বিলের ধার থেকে পাখি শিকারির মরদেহ উদ্ধার

রওশন আলম মান্দা নওগাঁ
জানুয়ারি ২১, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিল এলাকায় রায়হান আলী (২২) নামে এক যুবক ও পাখি শিকারির রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে উথরাইল বিলের খালের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে মান্দা থানা পুলিশ।

নিহত রায়হান আলী উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান আলী দীর্ঘদিন ধরে উথরাইল বিলে বিষটোপ ব্যবহার করে অতিথি পাখি শিকার করে আসছিলেন। শিকারের উদ্দেশ্যে তিনি দিনের অধিকাংশ সময় বিল এলাকাতেই অবস্থান করতেন। মঙ্গলবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

এদিকে, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয় মৎস্যজীবীরা বিলে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে রায়হানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের বক্তব্য

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

“প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড।” — আব্দুল গণি, পরিদর্শক (তদন্ত), মান্দা থানা।