bogra times Add
ঢাকাশনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তারেক রহমান

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন।

গতকাল শুক্রবার নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। দলটির নেতৃত্বেই আগামী সরকার গঠনের পথে এগোচ্ছে জাতীয় ঐকমত্যের জোট। নির্বাচনে দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ২৯১ জন প্রার্থী অংশ নেন।

এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে। বাকি ৭টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

এদিকে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ‘জুলাই জাতীয় সনদ’-এর সংস্কার প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন ও সাংবিধানিক পদে নিয়োগে স্বচ্ছতা আনার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব জনগণের রায়ে অনুমোদিত হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের এই বিপুল জয় ও সংস্কারের পক্ষে গণরায় বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করল। তারেক রহমানের আজকের সংবাদ সম্মেলন থেকে আগামী দিনের সরকার গঠন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা স্পষ্ট হওয়ার আশা করছে রাজনৈতিক মহল।