bogra times
ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬

ভাঙছে না ১১ দলীয় জোট, রাত ৮টায় আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা

নিউজ ডেস্কঃ-
জানুয়ারি ১৫, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্কঃ  শেষ পর্যন্ত ভাঙনের পথে যাচ্ছে না ইসলামি জোটের ১১ দল। আসন সমঝোতা নিয়ে চলমান আলোচনা শেষে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জোটের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়, রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, জোটের ভেতরে কিছু মতভিন্নতা রয়েছে। তবে সবকিছু সত্ত্বেও ১১ দলীয় জোটের আসন সমঝোতার বিষয়ে রাতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, এখনো ১১ দল একসঙ্গে থাকার প্রত্যাশা রয়েছে। ইসলামী আন্দোলনসহ সব দলকে নিয়ে রাত ৮টায় সংবাদ সম্মেলন হবে। সেখানেই চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোটের ব্যাপারে সবাই এক জায়গায় থাকার বিষয়ে আশাবাদী। এটি কেবল আসন সমঝোতার জোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। সে কারণেই সিদ্ধান্তে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।

তিনি আরও বলেন, জোটের মধ্যে মতপার্থক্য থাকলেও সবাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাবে বলে প্রত্যাশা রয়েছে।