bogra times
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬

মোবাইল ফোন হস্তান্তরে নিবন্ধন বাতিলের নির্দেশ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোবাইল ফোন বিক্রি বা হস্তান্তরের আগে অবশ্যই এনইআইআর নিবন্ধন বাতিল করতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিআরসির স্পেকট্রাম বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ সিস্টেম গত ১ জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে।

স্বয়ংক্রিয় নিবন্ধন ও নিয়ন্ত্রণ

বিটিআরসি জানায়, এনইআইআর চালুর ফলে বর্তমানে দেশের মোবাইল নেটওয়ার্কে সচল থাকা সব মোবাইল ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে। এর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

কমিশন স্পষ্ট করে জানিয়েছে, নিজের নামে নিবন্ধিত কোনো মোবাইল ফোনের সিম পরিবর্তন, অন্য কারো কাছে ব্যবহার করতে দেওয়া বা বিক্রি করার আগে অবশ্যই সেটির নিবন্ধন বাতিল করতে হবে। অর্থাৎ, সংশ্লিষ্ট হ্যান্ডসেটটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে অবমুক্ত করতে হবে।

প্রয়োজনীয় তথ্য ও সহায়তা

ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সিম নিবন্ধনের সময় ব্যবহৃত পরিচয়পত্রের তথ্য প্রয়োজন হবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের শেষ চারটি সংখ্যা দরকার হবে বলে জানিয়েছে বিটিআরসি।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বিটিআরসির ওয়েবসাইট neir.btrc.gov.bd ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সহায়তার জন্য বিটিআরসি কল সেন্টার ১০০ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সহায়তা নেওয়া যাবে।