bogra times cover image-1
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
সেপ্টেম্বর ১, ২০২৬ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে বিএনপির উপজেলা ও পৌর শাখার আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরপুর বাসস্ট্যান্ডে আলোচনা সভা ও র্যালির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছে এবং গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। এরপর জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার। জনগণের চাহিদার প্রেক্ষিতে ‘সবার আগে বাংলাদেশ’ এই নীতিতে দেশ পরিচালনা করছেন তিনি। তিনি কোনো ভয়ভীতি পরোয়া করেন না। সর্বোচ্চ পররাষ্ট্রনীতি নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল মারুফ শিমুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, শহর যুবদলের আহ্বায়ক শাহাবুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাওসার আলী কলিন্সসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি শেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।