bogra times Add
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬

২০২৫ সালে ইইউতে পোশাক রফতানিতে শীর্ষে চীন, দ্বিতীয় স্থানে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্কঃ-
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ২০২৫ সালে তৈরি পোশাকের বাজারে চীন তাদের শীর্ষস্থান ধরে রেখেছে। ইউরোস্ট্যাটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জোটটিতে মোট আমদানি ২ শতাংশের বেশি বৃদ্ধি পেলেও তৈরি পোশাক রফতানিতে চীনের পরেই অবস্থান করছে বাংলাদেশ। বছরজুড়ে বাংলাদেশ ইইউ বাজারে প্রায় ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করলেও, বছরের শেষ মাসে রফতানি কিছুটা কমেছে।

পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে ইইউতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে চীন। চীনের মোট রফতানি ১.১৭ শতাংশ বেড়ে ২৬.৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের রফতানি আগের বছরের তুলনায় বেড়েছে ৫.৯৭ শতাংশ। মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১৯.৪১ বিলিয়ন ডলারে। তবে মাসিল হিসাব বলছে, ২০২৪ সালের ডিসেম্বরের তুলনায় ২০২৫ সালের ডিসেম্বরে ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি ১২.০৫ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা তুরস্কের রফতানি ১০.৭৩ শতাংশ কমে ৮.৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, চতুর্থ স্থানে থাকা ভারত তাদের পোশাক রফতানি ৭.৯৯ শতাংশ বাড়িয়ে ৪.৫২ বিলিয়ন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, সামগ্রিকভাবে ইইউ বাজারে চীনের আধিপত্য অব্যাহত থাকলেও বাংলাদেশ তার অবস্থান শক্তিশালী করছে। তবে ডিসেম্বর মাসে বাংলাদেশের রফতানি হ্রাস শিল্পটির জন্য একটি উদ্বেগের বিষয় হিসেবেই দেখছেন তারা।