bogra times
ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬

মান্দায় ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মোঃ রওশন আলম, নওগাঁ-
জানুয়ারি ১৯, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই ইতিবাচক প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’। গত ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টার পর মান্দা উপজেলা ইলেকট্রনিক্স এন্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আয়োজনে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার মোহাঃ আব্দুর রাকিব

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মাকে। সঞ্চালনায় ছিলেন মোঃ মাইনুল ইসলাম মাসুম ও মোঃ মেহেদী হাসান রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ জামায়াত-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের সফল আয়োজনে স্পন্সরশিপে ছিল—আইপি কমিউনিকেশন লিমিটেড, আলোর দিশারী ফাউন্ডেশন, মেসার্স রমা ট্রেডার্স, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার, জনতা সোলার হাউস, পপুলার মেন্স কার্ট, আব্দুর রহমান জেনারেল হাসপাতাল এন্ড ল্যাবসহ স্থানীয় ১৬টি স্বনামধন্য প্রতিষ্ঠান।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওগাঁর নিয়ামতপুর উপজেলা দল। রানার্সআপ হয় রাজশাহীর রহনপুর উপজেলা। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজশাহীর খেলোয়াড় আরিয়ন

মাদকবিরোধী এই আয়োজনে আমন্ত্রিত অতিথিরা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুশৃঙ্খল জীবন গড়ার আহ্বান জানান।