bogra times cover image-1
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬

শেরপুরে জমি নিয়ে বিরোধে হামলা, পরদিনই মামলা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
আগস্ট ১৬, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জমি-জমা নিয়ে বিরোধের জেরে দুই ভাই ও তাঁদের মাকে পিটিয়ে আহত করার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পরদিন শুক্রবার মামলাটি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাতে শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা এলাকায় রাব্বি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল আলীম অভিযোগ করেন, অভিযুক্তরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাঁকে, তাঁর ভাই শামীম রেজা ও মা জোবেদা বেগমকে মারধর করেন। এ সময় শামীমের পকেট থেকে ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে আব্দুল আলীমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন থাকায় তাঁর স্বাক্ষর করা এজাহার স্বজনের মাধ্যমে থানায় জমা দেওয়া হয়।

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তবে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।