bogra times Add
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬

পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না: শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন আর্থিক নীতিমালা প্রকাশ

নিউজ ডেস্কঃ-
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক : দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা-২০২৫’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নীতিমালা জারি করে।

পুনঃভর্তি ফি নিষিদ্ধ

নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুনঃভর্তি ফি বাবদ প্রতিবছর প্রায় ১০ হাজার কোটি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হতো, যা এখন সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

টিউশন ফি নির্ধারণে কঠোর নির্দেশনা

নীতিমালায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) ক্ষেত্রে ‘টিউশন ফি নীতিমালা ২০২৪’ অনুযায়ী নির্ধারিত টিউশন ফি গ্রহণ করা যাবে। এর বাইরে নতুন কোনো খাত সৃষ্টি করে অর্থ আদায় করা যাবে না।

আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা

নতুন নীতিমালায় আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়েছে। পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের যৌথ স্বাক্ষরে প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে এবং তহবিলের আয়-ব্যয়ের হিসাব প্রতিষ্ঠান প্রধানকে সংরক্ষণ করতে হবে।

আর্থিক অনিয়মের ক্ষেত্রে কঠোর সতর্কতা দিয়ে নীতিমালায় বলা হয়েছে, পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়বদ্ধ থাকবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন।

আয় ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতি বাধ্যতামূলক

আয় ব্যবস্থাপনার ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংকে হিসাব খুলতে হলে সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের প্রদত্ত সব প্রকার ফি, দান-অনুদান ও সম্পত্তি থেকে প্রাপ্ত আয় নির্ধারিত ব্যাংক হিসাব অথবা সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) কিংবা সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।

তবে জরুরি প্রয়োজনে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে আদায়কৃত অর্থ দুই কর্মদিবসের মধ্যে ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

আয়-ব্যয়ের খাতে পরিবর্তনে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন

নতুন নীতিমালা অনুযায়ী, আয়-ব্যয়ের খাতে কোনো সংযোজন, বিয়োজন বা পরিবর্তন করতে হলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত খাতে আদায়কৃত অর্থ যথাযথ প্রক্রিয়ায় জমা দিতে হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের ওপর থেকে অপ্রয়োজনীয় আর্থিক বোঝা কমানো সম্ভব হবে। নীতিমালা কার্যকরের পর কোনো প্রতিষ্ঠান নির্দেশনা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।